মাইকিং-চিঠিতেই সীমাবদ্ধ রইল রাবির মধুফল উৎসব

প্রতিবেদক: রাবি প্রতিনিধি:

মাইকিং হয়েছে, পাঠানো হয়েছে দাপ্তরিক চিঠিও। কিন্তু শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের ঘোষিত ‘মধুফল উৎসব’ শেষ পর্যন্ত আর অনুষ্ঠিত হয়নি। জ্যৈষ্ঠ পেরিয়ে আষাঢ়ের অর্ধেক সময় অতিবাহিত হলেও উৎসব আয়োজনের কোনো উদ্যোগ চোখে পড়েনি।

গত ১৯ এপ্রিল তৎকালীন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. আমিরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জ্যৈষ্ঠ মাসের মধ্যবর্তী সময়ে কেন্দ্রীয়ভাবে মধুফল উৎসব আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিলো। এতে ক্যাম্পাসের আম, লিচু, কাঁঠালসহ মৌসুমি ফল অপরিপক্ব অবস্থায় না পাড়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ফল সংগ্রহ ও বিতরণের জন্য কমিটি গঠন, বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো এবং ক্যাম্পাসজুড়ে মাইকিং করা হয়।

তবে ফল না পাকতেই অনেক শিক্ষার্থী আম-লিচু সংগ্রহ করে ফেলেন। অন্যদিকে কয়েকটি আবাসিক হলে হল সংসদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মৌসুমি ফল বিতরণ করা হলেও প্রশাসনের কেন্দ্রীয় উদ্যোগটি বাস্তবায়ন হয়নি।

এরই মধ্যে গত ১১ জুন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা পদে পরিবর্তন আসে। তৎকালীন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. আমিরুল ইসলামের স্থলাভিষিক্ত হন অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলম। এরপরও ঘোষিত মধুফল উৎসব আর অনুষ্ঠিত হয়নি।

এ বিষয়ে সাবেক ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের ফল সংরক্ষণের আহ্বান জানানো হলেও অনেকেই আগেই ফল পেড়ে ফেলেছে। কয়েকটি হলও নিজেদের উদ্যোগে ফল বিতরণ করেছে। কমিটি গঠন ও তারিখ নির্ধারণে বিলম্ব হওয়ায় কেন্দ্রীয়ভাবে উৎসব আয়োজন সম্ভব হয়নি। এটি আমার জন্য একটি আফসোস। আমি চেয়েছিলাম, রাবির এই মধুফল উৎসব সারা দেশের জন্য একটি উদাহরণ হয়ে উঠুক।”

বর্তমান ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলম বলেন, “দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন নিয়ে ব্যস্ত ছিলাম। এ বছর আর মধুফল উৎসব আয়োজন সম্ভব নয়, কারণ মৌসুমি ফলের সময় শেষ হয়ে গেছে। আগামী বছর পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice