রাজশাহীর মোহনপুরে স্থানীয় মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমাতে ছয়টি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন ও পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দিনব্যাপী এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
উদ্বোধনকালে এমপি মিলন বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় মোহনপুরের রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে।
তিনি বলেন, নির্বাচনী প্রচারণার সময় মোহনপুরের যোগাযোগব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ইতোমধ্যে কয়েকটি সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। নতুন করে আরও ছয়টি সড়কের কাজ উদ্বোধন করা হলো। ভবিষ্যতেও এ উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
এমপি মিলন আরও বলেন, শুধু সড়ক নয়, এলাকার সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে। সরকারের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন বলেও জানান।
এ সময় তিনি সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির কথা তুলে ধরে বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের জন্য বিভিন্ন সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের নারীদের ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তিনি দাবি করেন, এসব সুবিধা দল-মত, ধর্ম ও শ্রেণি-পেশা নির্বিশেষে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
বক্তব্যে এমপি মিলন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক ভূমিকার প্রশংসা করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছেন। প্রতিদিন নতুন নতুন কর্মসূচির মাধ্যমে জনগণের সামনে উপস্থিত হচ্ছেন। সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী রকিব হাসানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
যে ছয় সড়কের কাজ উদ্বোধন
উদ্বোধন হওয়া সড়কগুলোর মধ্যে রয়েছে—চাঁদপুর চৌরাস্তা জামে মসজিদের পাশ থেকে মাখনপুর গুচ্ছগ্রাম হয়ে মুনসুর মেম্বারের বাসা পর্যন্ত ১ হাজার ১৯৫ মিটার সড়ক।
এ ছাড়া মৌগাছী জিপিএস থেকে কৃষ্ণপুর ইউজেডআর পর্যন্ত ১ হাজার ২০০ মিটার, কোটালীপাড়া ইউজেডআর থেকে কোটালীপাড়া বিডব্লিউডিবি পর্যন্ত ৯৯০ মিটার, দাঁড়াপাড়া থেকে মুগাইপাড়া হাট পর্যন্ত ১ হাজার ২৭০ মিটার, বিষহারা ইউজেডআর থেকে হাটখোলা পর্যন্ত ১ হাজার ৫০০ মিটার এবং কৃষ্ণপুর ইউজেডআর থেকে কৃষ্ণপুর পূর্বপাড়া পর্যন্ত ৪৫০ মিটার সড়কের উন্নয়নকাজ রয়েছে।
স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ এসব সড়ক চাঁদপুর, নখড়াজিঘাট, হিন্দুপাড়া, ধোরসা, চক বিরহী, বিষহারা ও কৃষ্ণপুর এলাকার মানুষের যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
