রাজশাহী নার্সিং কলেজে দীর্ঘদিন ধরে অধ্যক্ষ পদ শূন্য থাকায় শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। দ্রুত অধ্যক্ষ নিয়োগের দাবীতে ৩ দিনের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
শুক্রবার (১৮ এপ্রিল) স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অর্গানাইজেশন (SWO) রাজশাহী নার্সিং কলেজের সভাপতি মোঃ রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রামিমের স্বাক্ষরিত এবং সহ-প্রচার ও দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ আহসান হাবীব ইমন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সর্বশেষ অধ্যক্ষ অবসর গ্রহণের পর থেকে প্রায় আড়াই মাস পার হলেও নতুন কোনো অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়নি। এর ফলে নিয়মিত ক্লাস পরিচালনা, পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশসহ গুরুত্বপূর্ণ একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ না থাকায় অভ্যন্তরীণ পরীক্ষা, সময়সূচি নির্ধারণ এবং ফলাফল প্রকাশে জটিলতা দেখা দিয়েছে। পাশাপাশি প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সমন্বয়ের অভাব, জরুরি নোটিশ প্রকাশে দেরি এবং অফিসিয়াল কাগজপত্র পেতে ভোগান্তি তৈরি হয়েছে।
এছাড়া শিক্ষার্থীদের স্টাইপেন্ড বন্ধ থাকা এবং শৃঙ্খলা রক্ষায় দুর্বলতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
বিষয়টি সমাধানের জন্য রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেছে শিক্ষার্থীরা।
এ অবস্থায় দ্রুত অধ্যক্ষ নিয়োগের দাবিতে আগামী ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত কলেজ প্রাঙ্গণে টানা ৩ দিন অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
তবে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।