আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনের বেলায় নেমে আসবে অন্ধকার

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

দুই বছরেরও বেশি সময় পর আগামী ১২ আগস্ট আকাশে দেখা যাবে একটি বিরল পূর্ণ সূর্যগ্রহণ। এ সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান নিয়ে সূর্যের আলো সম্পূর্ণভাবে আড়াল করবে। ফলে পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে দিনের বেলাতেই কয়েক মুহূর্তের জন্য নেমে আসবে অন্ধকার।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এবারের পূর্ণ সূর্যগ্রহণ সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের কিছু এলাকায়। এসব স্থানে কয়েক সেকেন্ড থেকে দুই মিনিটেরও বেশি সময় সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে থাকবে। এ সময় দিনের আকাশ রাতের মতো অন্ধকার হয়ে যাবে। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন

অন্যদিকে, ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ। সেখানে সূর্যের কেবল একটি অংশ চাঁদের আড়ালে থাকবে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ইউরোপের মূল ভূখণ্ড থেকে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০০৬ সালে। আর স্পেনের মূল ভূখণ্ডে এমন বিরল ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯০৫ সালে। ফলে এবারের সূর্যগ্রহণ দেশটির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

জানা গেছে, এবারের পূর্ণ সূর্যগ্রহণের ছায়াপথের দৈর্ঘ্য হবে প্রায় ৮ হাজার ৩০০ কিলোমিটার। এটি আর্কটিক অঞ্চলের উপকূল থেকে শুরু হয়ে উত্তর মেরুর কাছ দিয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল ও স্পেনের উত্তরাঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে।

গ্রিনল্যান্ডে দর্শকরা দুই মিনিটেরও বেশি সময় ধরে পূর্ণ সূর্যগ্রহণ উপভোগ করতে পারবেন। তবে স্পেনের উত্তরাঞ্চলে এর স্থায়িত্ব হবে মাত্র প্রায় ২০ সেকেন্ড। বিশেষজ্ঞদের মতে, আকাশ পরিষ্কার থাকলে গ্রহণটি সবচেয়ে ভালোভাবে উপভোগ করা সম্ভব হবে।

পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ কবে?

নাসার তথ্য অনুযায়ী, পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে ২ আগস্ট ২০২৭। সেটি দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেন থেকে দেখা যাবে।

এদিকে যুক্তরাষ্ট্রে আবার পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ২০৩৩ সালে, তবে সেটি কেবল আলাস্কা থেকে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। দেশটির মূল ভূখণ্ডে পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ২০৪৪ সালে

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice