মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, শেষ সময় ১৫ নভেম্বর

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

মোটরসাইকেলের সামনের অংশেও নিবন্ধন নম্বরযুক্ত প্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় এই নম্বরপ্লেট স্থাপন করতে হবে মালিকদের। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় বিআরটিএ।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রচলিত নিয়ম অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি প্রযুক্তিসম্পন্ন রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহার করা হয়। তবে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং যানবাহন শনাক্তকরণ ও নজরদারি জোরদার করার লক্ষ্যে এবার সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেট তৈরি করতে হবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে। প্লেটের পটভূমি হবে সাদা এবং এর ওপর বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে কালো রঙে। নম্বরপ্লেটে কোনো নকশা বা অতিরিক্ত সাজসজ্জা রাখা যাবে না।

বিআরটিএ স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের পৃথক মাপও নির্ধারণ করেছে। স্কুটারের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার রাখতে হবে। আর স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। উভয় ধরনের প্লেটেই নম্বরের অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

বিআরটিএ জানিয়েছে, নির্ধারিত মাপ ও অন্যান্য শর্ত মেনে আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট স্থাপন করতে হবে। এ সময়সীমার মধ্যে নির্দেশনা বাস্তবায়নে মোটরসাইকেল মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice