শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। বুধবার রাত ৮ টার দিকে নগরীর ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ মাহবুব হাসান বুলবুল এবং কাশিয়াডাঙ্গা থানার আমির মাওলানা ফরিদউদ্দিন আক্তার। এ সময় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজা উদযাপন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও পূজামণ্ডপের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
তাঁরা বলেন, অতীতেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা পূজা উদযাপনে নিরাপত্তা ও সহযোগিতা দিয়েছেন। তাঁদের কাছ থেকে তাঁরা নিরাপত্তা ও সহযোগিতা পেয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, “দেশটা আমাদের সবার। এখানে আমরা সবাই মিলেমিশে বসবাস করতে চাই। আমাদের মধ্যে কোনো ধর্মীয় ভেদাভেদ থাকা উচিত নয়। ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার সুরক্ষিত থাকা জরুরি।”
তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন তাঁদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও বিধিবিধান সুন্দরভাবে পালন করতে পারেন, সে জন্য তাঁরা সহযোগিতা করতে চান। পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও পারস্পরিক সহযোগিতার প্রত্যাশার মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।
