রাজশাহীতে নৃশংস হত্যাকাণ্ডের  শিকার চিকিৎসক

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস
রাজশাহীতে নির্মমভাবে এক চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে এ হত্যাকান্ডের শিকার হন ডাঃ গোলাম কাজেম আলী আহমেদ। ঘটনার একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানা যায়, মোটর সাইকেল যোগে লক্ষিপুরের দিক থেকে নিহত চিকিৎসক ও তার মোটর সাইকেলের চালক আসছিলেন। রাজিব চত্তর ও বর্ণালী মোড়ের মাঝামাঝি পথে একটি  মাইক্রোবাস তাদের গতিরোধ করে। মাইক্রোবাস থেকে তিন ব্যক্তি নামেন এবং মোটরসাইকেল থেকে আঘাত করে সড়কের উপরে ফেলে বুকের উপরে উপর্যপরি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। রক্তাক্ত অবস্থায় আর্তনাদ করলে পথচারীরা অটো রিক্সাতে করে রাজশাহী মেডিকেল কলেজের জরুরী বিভাগে নিয়ে যান। সেখান থেকে আইসিইউতে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ডা. গোলাম কাজেম আলীর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবিনগর এলাকায়। তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তিনি নিয়মিত প্রাক্টিস করতেন। তিনি একজন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ।
নিহতের ভাই কলেজ শিক্ষক আজম আলী বলেন, রোববার (২৯ অক্টোবর) রাতে চেম্বারে রোগী দেখে নগরীর উপশহরের বাসায় ফিরছিলেন ডা. কাজেম। নগরীর বর্ণালী মোড় এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়িভাবে কোপায়। এসময় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
রামেক হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, ডা. কাজেম আলীর হৃদপিণ্ড (হার্ট) বরাবর তিনটি ছুরির আঘাত পাওয়া গেছে। দুর্বৃত্তরা এক্যুরেট আঘাতের পরিকল্পনা করেই তাকে এভাবে কুপিয়েছে।
এদিকে ঘটনাস্থল ক্রাইম সিনের একটি ইউনিট আলামত সংগ্রহের জন্য ঘিরে রেখেছে। এ হত্যাকান্ডের বিষয়ে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী ফারহানা ইয়াসমিন (৩৭)। এ মামলায় অজ্ঞাতনামা তিন ব্যক্তিকে বিবাদী করা হয়েছে। মামলার এজহারে নিহতের স্ত্রী ফারহানা ইয়াসমিন এটিকে পরিকল্পিত হত্যাকান্ড বলে উল্লেখ করেন।
পিবিআই এর তৎপরতা
ঘটনাস্থল ঘিরে রেখেছে ক্রাইমসিন
আলামত সংগ্রহ করছেন পিবিআই
রাজশাহীতে চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী হত্যার আলামত সংগ্রহ করতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় সংস্থাটির ক্রাইম সিন ইউনিট নগরীর বর্নালী মোড় এলাকায় ঘটনাস্থলে যায়।
এসময় বর্নালী মোড়ের কোরাইশী থাই এলুমিনিয়াম দোকানের সামনে হামলার জায়গাটি ঘিরে রাখে পিবিআই। সেখানে জমাট বাঁধা রক্ত পড়ে থাকতে দেখা গেছে।
সোমবার  (৩০ অক্টোবর) বেলা পৌনে ১১টায় ঘটনাস্থলে ছিলেন পিবিআই রাজশাহীর পুলিশ সুপার মনিরুল ইসলাম। তিনি এ প্রতিবেদককে বলেন, আমরা আলামত সংগ্রহের কাজ করছি। আমাদের টিম গোটা শহরে কাজ শুরু করেছে।  একজন অফিসার হাসপাতালে গেছেন।
পিবিআিই এর কর্মকর্তা মনিরুল বলেন, এখানকার সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে। মামলার প্রকৃত কারণ উদঘাটন ও প্রকৃত আসামীদের শনাক্ত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
পরিবারের সাথে ডাঃ কাজেম আলী আহমেদ
নিহত চিকিৎসক গোলাম কাজেম আলী আহমেদ স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, পিতা-মাতা, ভাইবোনসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে দুনিয়া থেকে বিদায় নেন। নিহতের এই ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। চিকিৎসক ও উৎসুক মহলে এ হত্যাকান্ডের ফলে একধরনের আতংক বিরাজ করছে। পরিবার সূত্রে জানা যায়, কোন মহলের সাথে ডাঃ কাজেমের পূর্ব কোন শত্রুতা ছিল না। এ হত্যাকান্ডে পরিবারসহ আত্মীয়স্বজন বিস্ময় প্রকাশ করেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice