রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ০৬ শতাংশ। করোনা মহামারির সময় ২০২০ সালে অটোপাসের পর এবারই বোর্ডে সর্বনিম্ন পাসের হার রেকর্ড করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।
বোর্ডের প্রকাশিত ফল অনুযায়ী, এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিলেন ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬১ হাজার ৮৯৪ জন।
এবারের ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ, আর মেয়েদের পাসের হার ৫৩ দশমিক ০৩ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও মেয়েদের অবস্থান এগিয়ে। এ বছর মোট ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ১ হাজার ৯৬৫ জন ছেলে এবং ২ হাজার ৫৫৫ জন মেয়ে।
রাজশাহী বিভাগের আট জেলার ৭৪৩টি কলেজের শিক্ষার্থীরা ২০৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মাত্র ৯টি কলেজের সব পরীক্ষার্থী পাস করেছে। অন্যদিকে, ৩৯টি কলেজের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে ৩১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
গত কয়েক বছরের ফলাফলের তুলনায় এবার পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। রাজশাহী বোর্ডে ২০২১ সালে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ, ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, ২০২৪ সালে ৮১ দশমিক ২৪ শতাংশ এবং ২০২৫ সালে ৫৯ দশমিক ৪০ শতাংশ।
ফলাফল প্রসঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন বলেন, শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় যেভাবে উত্তর লিখেছে, সেভাবেই নম্বর দেওয়া হয়েছে। কাউকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়নি। এর প্রভাব পড়েছে সামগ্রিক ফলাফলে।
