রুয়েট যন্ত্রকৌশল বিভাগের প্রধান হলেন অধ্যাপক ড. শাহাজাদা মাহমুদুল হাসান

প্রতিবেদক: রুয়েট প্রতিনিধি:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. শাহাজাদা মাহমুদুল হাসান। আগামী ৪ নভেম্বর থেকে দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। গত ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত আদেশে জানানো হয়, অধ্যাপক ড. শাহাজাদা মাহমুদুল হাসানকে ২০২৬ সালের ৪ নভেম্বর থেকে পরবর্তী দুই বছরের জন্য যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ গেজেটে প্রকাশিত ২০০৩ সালের ৩২ নম্বর আইনের ২৫(২) ধারা অনুসারে এ নিয়োগ কার্যকর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসংক্রান্ত তথ্যভান্ডারের তথ্যমতে, ড. শাহাজাদা মাহমুদুল হাসান ২০০৮ সালের ১০ ফেব্রুয়ারি যন্ত্রকৌশল বিভাগে যোগদান করেন। পরবর্তীতে ২০১৯ সালের ২ জানুয়ারি অধ্যাপক পদে উন্নীত হন তিনি।

শিক্ষাজীবনে ২০০৭ সালে বুয়েট থেকে স্নাতক সম্পন্ন করেন ড. শাহাজাদা মাহমুদুল হাসান। এরপর ২০১২ সালে রুয়েট থেকে স্নাতকোত্তর এবং ২০১৬ সালে জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

গবেষণার ক্ষেত্রে মেকাট্রনিকস, ইলেক্ট্রোম্যাগনেটিক সাসপেনশন, মেশিন লার্নিং, অগমেন্টেড রিয়েলিটি ও কন্ডিশন মনিটরিং নিয়ে কাজ করেছেন তিনি। এ ছাড়া শিল্পকারখানার শব্দদূষণ হ্রাস এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়েও রয়েছে তার গবেষণার আগ্রহ।

এর আগে যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ হাসান খান তুষার। তার স্থলাভিষিক্ত হয়ে আগামী দুই বছর বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. শাহাজাদা মাহমুদুল হাসান।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice