রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আগামী ৫ আগস্ট অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছে রাজশাহী মহানগর বিএনপি।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নগরীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন। সভা পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সভায় বক্তারা ৫ আগস্টের সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। এ সময় সমাবেশের সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সমাবেশ সফল করতে একটি কমিটিও গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈষা, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মোখতার হোসেন ও জয়নাল আবেদিন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ থানা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
