জাতিসংঘের আস্থা পুনরুদ্ধার ও সংস্কারের আহ্বান খলিলুর রহমানের

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে জাতিসংঘের কার্যকারিতা বাড়ানো, নিরাপত্তা পরিষদের সংস্কার এবং বৈশ্বিক আস্থা পুনর্গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উদ্বোধনকালে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতিসংঘকে আরও কার্যকর, স্বচ্ছ ও প্রতিনিধিত্বশীল করতে হবে। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’।

নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, জাতিসংঘের অন্যতম বৃহৎ আঞ্চলিক সদস্যগোষ্ঠী এবং শান্তিরক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশীদার হওয়া সত্ত্বেও আফ্রিকার কোনো স্থায়ী আসন নেই। তাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আফ্রিকার যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন।

তিনি নিরাপত্তা পরিষদকে আরও স্বচ্ছ ও প্রতিনিধিত্বশীল করার পাশাপাশি বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর জোর দেন। এ ক্ষেত্রে সাধারণ পরিষদের আন্তসরকারি আলোচনা প্রক্রিয়ার প্রতিও সমর্থন জানান তিনি।

জাতিসংঘের প্রতি বৈশ্বিক আস্থা পুনরুদ্ধারে তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেন খলিলুর রহমান। এগুলো হলো—জাতিসংঘের ব্যর্থতা সম্পর্কে স্পষ্ট ও বাস্তববাদী হওয়া, সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক সংস্কার এবং সুশীল সমাজ ও বিজ্ঞানীদের আরও বেশি সম্পৃক্ত করা।

বিশ্বের বিভিন্ন সংঘাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গাজা, সুদান, ইউক্রেন, মিয়ানমার ও মধ্যপ্রাচ্যের সংঘাতসহ বিভিন্ন সংকটে আন্তর্জাতিক আইন ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার নীতি সমানভাবে প্রয়োগ করা জরুরি।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের অগ্রগতি থমকে আছে। একই সময়ে উন্নয়ন সহায়তা কমছে, বিপরীতে বৈশ্বিক সামরিক ব্যয় বাড়ছে।

বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীশিবিরসহ জাতিসংঘের মাঠপর্যায়ের মানবিক কার্যক্রমের গুরুত্বও তুলে ধরেন তিনি।

প্রযুক্তির অপব্যবহারে ইসলামভীতি, বর্ণবাদ ও বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেন খলিলুর রহমান। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা এজিআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়েও সতর্ক করেন তিনি।

এআইয়ের অপব্যবহার এবং সম্ভাব্য বৈশ্বিক এআই অস্ত্র প্রতিযোগিতা ঠেকাতে বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে দ্রুত প্রমাণভিত্তিক বৈশ্বিক নীতিমালা ও নিরাপত্তা কাঠামো তৈরির আহ্বান জানান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice