চোখে ব্যান্ডেজ পরে এনসিপির ওপর হামলার প্রতিবাদে ইবি বৈবিছাআ’র প্রতীকী মানববন্ধন

প্রতিবেদক: ইবি প্রতিনিধি:

সারাদেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর বিএনপি, ছাত্রদল ও যুবদলের হামলা ও নির্যাতনের অভিযোগে চোখে ব্যান্ডেজ পরে প্রতীকী মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নেতাকর্মীরা।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আলম, যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাস স্পর্শসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় “ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ”, “রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়”, “তারেক জিয়া, হাসিনা—ফ্যাসিবাদ মানি না”, “চাঁদা লাগলে চাঁদা নেয়, আলিফের চোখ ফিরায় দেয়” সহ বিভিন্ন স্লোগান দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা ।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাস স্পর্শ বলেন, শান্তিপূর্ণ ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলা, হেনস্তা এবং নারী নেত্রীর ওপর পুরুষ পুলিশের বেআইনি বলপ্রয়োগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি অভিযোগ করেন, ১৮ বছরের এক স্কুলশিক্ষার্থী আলিফ হামলার শিকার হয়ে দৃষ্টিশক্তি হারালেও সরকার তার খোঁজ নিতে কোনো প্রতিনিধি পাঠায়নি, যা সরকারের প্রত্যক্ষ ইন্ধনের প্রমাণ বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন ও বিপ্লবের কৃতিত্ব সাধারণ জনগণের। তাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি, হামলা ও নির্যাতন বন্ধ করতে হবে। এনসিপির ঘোষিত তিন দফা দাবি ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন করে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় সরকারের পরিণতি ‘হাসিনার চেয়েও ভয়াবহ’ হবে।

মানববন্ধনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিন বলেন, জুলাই বিপ্লবের দুই বছর পরও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের যে স্বপ্ন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা দেখেছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। দেশের বিভিন্ন স্থানে এনসিপির পদযাত্রা ও জুলাই আন্দোলনের কর্মীদের ওপর ধারাবাহিক হামলা প্রমাণ করে, প্রকৃত গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি; বরং নব্য ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটছে।

তিনি অভিযোগ করেন, হবিগঞ্জে পদযাত্রায় ১৮ বছরের তরুণ আলিফের একটি চোখ নষ্ট হওয়ার ঘটনার পর সিলেট, মৌলভীবাজার, কুড়িগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে এনসিপি নেতাকর্মী ও প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। রাজনৈতিক অধিকার আদায়ে আন্দোলনরত নিরস্ত্র মানুষের ওপর এ ধরনের দমন-পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এসব হামলা বন্ধ না হলে ভবিষ্যতে আরও তীব্র গণআন্দোলনের সৃষ্টি হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice