রিয়াল মাদ্রিদে এমবাপের ইনজুরি নিয়ে ‘মিথ্যাচার’

রিয়াল মাদ্রিদের শেষ দুই ম্যাচে বদলি হয়ে মাঠে নেমেছিলেন কিলিয়ান এমবাপে। বাঁ হাঁটু মচকে যাওয়ায় সাড়ে তিন সপ্তাহ পর মাঠে ফেরেন তিনি। ফরাসি ফরোয়ার্ড গত বছরের শেষ দিন থেকে চোট নিয়ে অস্বস্তিতে ছিলেন। ফ্রান্সের বিভিন্ন গণমাধ্যমের খবর, রিয়ালের মেডিক্যাল টিমের ভুল চিকিৎসার কারণেই এমন দুর্ভোগ পোহাতে হয়েছে তাকে।

ফরাসি কিছু গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বরে এমবাপের ভুল হাঁটুতে স্ক্যান করা হয়েছিল। বাঁ হাঁটুতে চোট পেলেও ডান হাঁটুর স্ক্যান করেন তারা। সেখানে কোনো সমস্যা না পাওয়ায় তাকে খেলার অনুমতি দেওয়া হয়েছিল। এমবাপে অসুস্থ হাঁটু নিয়েই খেলেছেন আরও তিন ম্যাচ এবং চোট আরও গুরুতর হয়ে ওঠে।

ভুল চিকিৎসা ধরা পড়েছে বাঁ হাঁটুতে স্ক্যান করার পর। ততদিনে ওই হাঁটুর লিগামেন্টের কিছু অংশ ছিঁড়ে গেছে।

শুধু তাই নয়, অভিযোগ উঠেছে– ক্লাবের চিকিৎসকরা এমবাপের সাপ্লিমেন্ট তালিকা তৈরি করতে চ্যাটজিপিটির মতো এআই টুল ব্যবহার করেছে। এমন কাণ্ডে রিয়ালের চিকিৎসকদের পেশাদারিত্ব নিয়ে উঠেছে প্রশ্ন।

সাধারণত বিশ্বমানের ফুটবলারদের ক্ষেত্রে পুষ্টিবিদ খাদ্য তালিকা বা সাপ্লিমেন্ট ব্যবহারের নির্দেশনা দেন তার শরীর, রক্ত পরীক্ষা ও চাহিদার ওপর ভিত্তি করে। কিন্তু রিয়ালের সাবেক পুষ্টিবিদ ইতিয়ার গঞ্জালেস দাবি করেছেন, ক্লাবের স্টাফরা পুষ্টি সাপ্লিমেন্টের তালিকা তৈরি করার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছেন। তার এই অভিযোগের সময়কাল রিয়ালের পরিচালন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে।

গত ডিসেম্বরে বরখাস্ত হন গঞ্জালেস। এক সাক্ষাৎকারে তিনি চিকিৎসাকর্মীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেন তারা ‘অজ্ঞ ও অদক্ষ যারা খেলোয়াড়দের শুধু ক্ষতি করেন’। এর পরিবর্তে ক্লাবকে দক্ষ ও শিক্ষিত পেশাদার চিকিৎসকদের নিয়োগের ব্যাপারে পরামর্শ দেন।

অবশ্য এমবাপে এসব দাবিকে ‘মিথ্যাচার’ বলেছেন। ফ্রান্সে এক প্রচারণামূলক ইভেন্টে গিয়ে তিনি এএস-কে বলেন, ‘আমার হাঁটু ভালো আছে, দিনকে দিন আরও ভালো হচ্ছে। এটা নিয়ে অনেক গুঞ্জন ভাসছে বলে জানতে পেরেছি। কিছু মিথ্যা কথাও বলা হচ্ছে। এটা একজন শীর্ষ খেলোয়াড়ের জীবন। কোনো কিছু যাচাই না করে মানুষদের ভিত্তিহীন কথা শুনে আমরা অভ্যস্ত।’

এমবাপে এখন সুস্থ হয়ে উঠেছেন বলেই শোনা যাচ্ছে। তাই এই মাসের শেষ দিকে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে ফ্রান্সের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দলেও ডাক পেয়েছেন তিনি।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice