গবেষণাপত্র প্রকাশনা ও ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানসম্মত করতে অটোমেশনভিত্তিক নতুন ব্যবস্থা চালু করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। এর মাধ্যমে জার্নালে গবেষণাপত্র সাবমিশন, রিভিউ এবং প্রকাশিত পেপারের জন্য ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার (ডিওআই) নম্বর প্রদানের কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা যাবে।
রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রুয়েট উপাচার্যের কনফারেন্স কক্ষে এ কার্যক্রমের আওতাধীন ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন।
অনুষ্ঠানে রুয়েটের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. এমদাদুল হক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, বিভিন্ন বিভাগের শিক্ষক, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিব এবং সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মো. মনিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক নতুন ওয়েবসাইট দুটির কার্যক্রম ও ব্যবহার সম্পর্কে উপাচার্য, উপ-উপাচার্য এবং উপস্থিত শিক্ষকদের অবহিত করেন। রুয়েটের জার্নাল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স (জিইএএস)-এর গবেষণা কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
রুয়েটের নিজস্ব জনবল দিয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় এ ওয়েবসাইট। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিবের সহযোগিতায় এটি উন্নয়ন করেন সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মো. মনিরুল ইসলাম।
নতুন ব্যবস্থায় বিশ্বের যেকোনো স্থান থেকে গবেষক ও শিক্ষার্থীরা অনলাইনে কোনো ম্যানুয়াল প্রক্রিয়া ছাড়াই গবেষণাপত্র জমা দিতে পারবেন। একই প্ল্যাটফর্মে পেপারের রিভিউ কার্যক্রম পরিচালনা করা যাবে। পাশাপাশি প্রকাশিত গবেষণাপত্রের জন্য ডিওআই নম্বর গ্রহণের সুবিধাও থাকবে।
উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, “জিইএএস-এর গবেষণাপত্র অনলাইন সাবমিশন সুবিধা চালুর মাধ্যমে আমরা আন্তর্জাতিকভাবে দৃষ্টিগোচর করতে চাই। এতে ডিওআইসহ আনুষঙ্গিক সুবিধা পাবে রুয়েট। পরবর্তী পদক্ষেপে আমরা স্কোপাসে ইনডেক্সিংয়ের ব্যবস্থা করবো। এটি আন্তর্জাতিক র্যাংকিংয়ে রুয়েটের জন্য ভালো ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।”
জানা যায়, জিইএএস-এর ভলিউম-৯ পর্যন্ত প্রকাশিত জার্নালগুলোতে ডিওআই নম্বরের সুবিধা ছিল না। নতুন ব্যবস্থায় ভলিউম-১০ থেকে প্রকাশিত গবেষণাপত্রে ডিওআই নম্বর যুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে।
www.jeas.ruet.ac.bd এবং www.submit.jeas.ruet.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষক ও শিক্ষার্থীরা গবেষণাপত্র অনলাইনে সাবমিট, রিভিউ এবং ডিওআই-সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
সংশ্লিষ্টদের মতে, রুয়েটের নিজস্ব জনবলের মাধ্যমে অটোমেশনভিত্তিক এ ব্যবস্থা চালুর ফলে জার্নাল প্রকাশনা ও গবেষণাপত্র ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে রুয়েটের গবেষণার দৃশ্যমানতা বাড়াতেও এটি ভূমিকা রাখবে।
