দেশের সব সিটি কর্পোরেশনের খেলার মাঠের উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকরা অংশ নেন।
সভায় সিটি কর্পোরেশন এলাকার বিদ্যমান খেলার মাঠের উন্নয়ন ও সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি মাঠগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের নিজস্ব পরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।
আলোচনায় প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের সমন্বয়ে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে ফুটসাল নির্মাণের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণের বিষয়টি গুরুত্ব পায়।
সভায় বক্তারা বলেন, শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে তাদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে। এর মাধ্যমে একটি সুস্থ, মাদকমুক্ত ও ক্রীড়ামুখী প্রজন্ম গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
দেশের প্রতিটি নগরীতে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরিতে খুব শিগগিরই দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে বলেও সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।
