চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. হারুনুর রশীদ বলেছেন, বিএনপির কর্মীরা কোনো ধরনের বেয়াদবি বা বিশৃঙ্খল আচরণের প্রশিক্ষণ পায়নি।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে হারুনুর রশীদ বলেন, প্রতিপক্ষ প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করছে। তিনি দাবি করেন, মহারাজপুর এলাকায় রাতের আঁধারে নিজেরাই পোস্টার ছিঁড়ে দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করা হয়েছে। জামায়াতে ইসলামীর পোস্টার ছেঁড়ার কোনো প্রয়োজন বিএনপির নেই বলেও মন্তব্য করেন তিনি।
হারুনুর রশীদ বলেন, বরং বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী কর্মীদের বিরুদ্ধে বিএনপির পোস্টারের ওপর পোস্টার লাগিয়ে তা ছিঁড়ে ফেলার অভিযোগ রয়েছে। তবে বিএনপির কর্মীরা এমন বেয়াদবিমূলক আচরণ করে না এবং দলীয়ভাবে এমন কোনো সংস্কৃতিও নেই।
প্রতিপক্ষ প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং নিজ নিজ কর্মীদের সংযত রাখতে হবে।
সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গ টেনে হারুনুর রশীদ বলেন, তিনি নিজে গাড়িতে উপস্থিত থাকা অবস্থায় হামলা ও বিশৃঙ্খলার শিকার হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, একজন সংসদ সদস্য প্রার্থীর প্রতি ন্যূনতম সম্মান ও মর্যাদা প্রদর্শন করা উচিত।
বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হেনা আতাউল হক কমলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া। সভায় ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
