নেহা বোরা মুক্ত, আদালতে তোলা হবে অভিজিৎ দীপকেকে

প্রতিবেদক: আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভের ঘটনায় আটক ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (আইসা)-এর সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এখনও পুলিশি হেফাজতে রয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) তাকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের (এসইএম) আদালতে হাজির করার কথা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শান্তিভঙ্গের আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় অভিজিৎ দীপকেকে আটক করা হয়েছে। অন্যদিকে, দিল্লি পুলিশ অ্যাক্টের ৬৫ ধারায় আটক নেহা বোরাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ছেড়ে দেওয়া হয়।

তবে অভিজিৎ দীপকের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিজেপির আইনি বিভাগের প্রধান রত্না সিং। তার অভিযোগ, অভিজিৎ কোথায় রয়েছেন, তা তারা জানতে পারছেন না। এমনকি আইনজীবীদেরও তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

শুক্রবার দিল্লির কনট প্লেস ও মান্ডি হাউস এলাকায় জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভে জড়ো হন শত শত মানুষ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে আয়োজিত এ কর্মসূচিতে ককরোচ জনতা পার্টি ও বিভিন্ন ছাত্রসংগঠনের কর্মীরা অংশ নেন। এ সময় শতাধিক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। বিক্ষোভের অনুমতি না থাকা এবং জাতীয় পতাকা বিধি লঙ্ঘনের আশঙ্কার কথা জানিয়ে এ পদক্ষেপের ব্যাখ্যা দেয় কর্তৃপক্ষ।

দিল্লির পাশাপাশি বিহারেও জাতীয় পতাকা হাতে বিক্ষোভে নামেন অনেকে। সেখানে আন্দোলনকারীদের আটকে দিতে ব্যারিকেড তৈরি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বাক্‌বিতণ্ডার ঘটনাও ঘটে।

দুই নেতাকে আটকের ঘটনায় ভারতের বিরোধী রাজনৈতিক নেতারা প্রতিবাদ জানিয়েছেন। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল পুলিশের পদক্ষেপের সমালোচনা করেন। অভিজিৎ দীপকে ও নেহা বোরার অবস্থান গোপন রাখার অভিযোগ তুলে তাদের মুক্তির দাবিও জানান স্ট্যালিন।

এদিকে, ভারতে বাংলাদেশে সরকার পরিবর্তনের ঘটনার আদলে রাজনৈতিক পরিবর্তনের চেষ্টা করছে কংগ্রেস ও তার মিত্ররা—এমন অভিযোগ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার দাবি, বাংলাদেশে যেভাবে সরকার পরিবর্তন হয়েছে, সেই পদ্ধতি থেকে অনুপ্রাণিত হয়ে ভারতেও সরকার পরিবর্তনের চেষ্টা করছে বিরোধীরা। সংবাদ সম্মেলনে বিরোধী পক্ষ বাংলাদেশ থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা প্রকাশ্যে বলেছে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice