রাসিকের সহযোগিতায় রাজশাহীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সহযোগিতায় ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের উদ্যোগে রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডজুড়ে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘প্রকল্প শিকড়’ নামে এ কর্মসূচির আওতায় নগরজুড়ে বৃক্ষরোপণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে চারা বিতরণ করা হবে।

শুক্রবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সারাদেশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন নগরজুড়ে আড়াই লাখ গাছের চারা রোপণের কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি বলেন, সিটি কর্পোরেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানও বৃক্ষরোপণে অংশ নিচ্ছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে আগামী দুই বছরের মধ্যে রাজশাহী মহানগর আরও সবুজ হয়ে উঠবে। একই সঙ্গে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মাহফুজুর রহমান রিটন আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা রূপরেখার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান এবং খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, সহ-সভাপতি অমিত সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্য।

এ ছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, রাজপাড়া থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মর্তুজা মিল্টন এবং মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice