রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়েছে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলা। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে নগরীর মধুবন কমিউনিটি সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার সমাপনী ঘোষণা করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে রাসিক প্রশাসক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
তরুণ উদ্যোক্তাদের এই উদ্যোগের প্রশংসা করে প্রধান অতিথি মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। এর মধ্য দিয়েই দেশ এগিয়ে যাবে।”
তিনি আরও জানান, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তাদের টেকসই উন্নয়নে সরকার পৃথক তহবিল গঠন করে স্বল্পসুদে ঋণের ব্যবস্থা করেছে। এ ধরনের মেলার আয়োজন নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে, যা তরুণদের স্বাবলম্বী করার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। আগামীতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের মেলার আয়োজন করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।
রাজশাহীর উদ্যোক্তা মেলার আয়োজক তৌহিদ ফেরদৌস তন্ময়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার এবং বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মোঃ সাইফুল ইসলাম হীরক।
উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী আয়োজিত এই মেলায় মোট ৬০টি স্টলে তরুণ উদ্যোক্তারা তাঁদের নিজেদের উদ্ভাবিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রয় করেন।
