নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) বলছে, ডিজিটাল মিডিয়ার যুগে নিউজপ্রিন্ট ও অন্য মুদ্রণ সামগ্রীর বিপুল ব্যয়ে সংবাদপত্র টিকে থাকতে হিমশিম খাচ্ছে।
সংবাদপত্র শিল্পের জন্য শুল্ক ও কর নীতির সংস্কার প্রয়োজন বলে রাজস্ব বোর্ডের প্রতি আহ্বান জানান নোয়াব নেতারা।
রোববার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে ২০২৪-২৫ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় নোয়াব সভাপতি এ কে আজাদ এসব কথা বলেন।
আবুল কালাম আজাদ বলেন, বিশ্ব অর্থনীতির বর্তমান অবস্থা, বিশেষ করে মার্কিন ডলারের ক্রমবর্ধমান বিনিময় হারের কারণে এ শিল্প হুমকির মুখে। এক টন নিউজপ্রিন্টের দাম কয়েক বছর আগে ৬০০ মার্কিন ডলারেরও কম ছিল। এখন তা ৭০০ ডলারেরও বেশি হয়েছে।
তিনি বলেন, ‘এর অন্যতম প্রধান কারণ মার্কিন ডলারের বিরূপ বিনিময় হার। সংবাদপত্রের আমদানি শুল্ক পাঁচ শতাংশ থাকলেও ১৫ শতাংশ ভ্যাট, অগ্রিম আয়কর, পরিবহন বিমা ইত্যাদি নিয়ে ল্যান্ডেড কস্ট আসে প্রায় ৩০ শতাংশ।’
সংবাদপত্র শিল্পকে টিকিয়ে রাখতে নিউজপ্রিন্ট আমদানিতে বিভিন্ন ধরনের ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস কমানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘সংবাদপত্র শিল্পের উন্নয়নে সরকার গত কয়েক বছরে আমাদের কোনো পরামর্শ গ্রহণ করেনি। এ বছরের বাজেটে আমাদের প্রস্তাবগুলো যেন বিবেচনায় নেয়া হয়।’
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘কর প্রদান একটি সর্বজনীন বৈশ্বিক অনুশীলন। আপনি অন্য দেশের দিকে তাকান- দেখতে পাবেন কীভাবে সংবাদপত্রের ব্র্যান্ডিং হয়, কীভাবে এখান থেকে রাজস্ব নেয়া হয়।’
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম নোয়াবের প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন।
তিনি বলেন, কোনো সুবিধা পেলে আরেক গোষ্ঠী তার অপব্যবহার করতে প্রস্তুত রয়েছে। নিউজপ্রিন্টের জন্য কাগজের দাম বা আমদানি শুল্ক কমানো হলে সব কাগজ নিউজপ্রিন্টের আওতায় চলে আসবে।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘অতীতেও এমন ঘটনা ঘটেছে। নিউজপ্রিন্টের জন্য কত কাগজ আসছে তা বের করা সম্ভব হচ্ছে না। এ লক্ষে আমরা কাজ করতে চাই।’
সূত্র : ইউএনবি
