শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংকিং কার্যক্রম। এ কারণে ছুটির আগে আজ শনিবার (১৭ অক্টোবর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। সাধারণ কর্মদিবসের নিয়মেই চলবে ব্যাংকের কার্যক্রম।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এই ছুটির সমন্বয় করতেই সাপ্তাহিক ছুটির দিন শনিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ব্যাংক খোলা থাকলেও আজ দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেনের সংশ্লিষ্টতা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, দুর্গাপূজার ছুটিতেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা সীমিত পরিসরে চালু থাকবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বলা হয়েছে।
একইভাবে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনায় আগামী ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটির দিনগুলোতে দেশের সব কাস্টমস হাউস ও স্টেশনে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৫ অক্টোবর প্রকাশিত নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।
এর আগে, গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে। পাশাপাশি ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।
তাই ব্যাংকিং সেবা নিতে ইচ্ছুক গ্রাহকদের আজই প্রয়োজনীয় লেনদেন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
