বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরাল পুলিশ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রায় এক ঘণ্টা পর সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ অবরোধ শুরু হয়।

আন্দোলনরত শ্রমিক তরিকুল, মাফুজ ও হাসমত আলী জানান, গত ১০ অক্টোবর বকেয়া বেতনের দাবিতে আন্দোলনের পর কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় তাঁরা আবারও আন্দোলনে নামতে বাধ্য হন। তাঁদের অভিযোগ, বুধবার বেতন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা পরিশোধ না করে সময়ক্ষেপণ করে।

এদিকে বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। পাশাপাশি বকেয়া বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকেরা সেই প্রস্তাবে সাড়া না দিয়ে অবরোধ চালিয়ে যান। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকেরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। তাঁদের মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়। কিন্তু তাঁরা অবরোধ অব্যাহত রাখেন। পরে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, বকেয়া বেতনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার বিষয়ে শ্রমিকদের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice