সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পর ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। নিরাপত্তাজনিত পরিস্থিতি ও কার্যক্রম স্থগিতের কারণে সোমবার (১২ অক্টোবর) সকাল পর্যন্ত এই রুটের ১০টি ফ্লাইট বাতিল হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং সংশ্লিষ্ট এয়ারলাইনস সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের দুটি ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। সৌদি এয়ারলাইনসের নিয়মিত চারটি ফ্লাইট এবং রিয়াদ এয়ারের দুটি ফ্লাইটও বাতিল করা হয়েছে।
এদিকে, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট রিয়াদে অবতরণ করতে না পেরে অন্য একটি বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়। পরে বিলম্বে ঢাকায় ফিরে আসে ফ্লাইটটি।
ফ্লাইট বাতিল ও সূচি পরিবর্তনের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে।
একই সঙ্গে বাতিল হওয়া ফ্লাইটের নতুন সময়সূচি ও পরবর্তী নির্দেশনা জানতে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের কল সেন্টার, বিক্রয়কেন্দ্র অথবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
