রাজশাহীর সীমান্তে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ আগস্ট) ভোররাতে চারঘাট ও বাঘা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সূত্রে জানা যায়, রাত ১টার দিকে ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারঘাট থানার মুক্তারপুর বালুরঘাট এলাকায় অবস্থান নেয়। এ সময় দুই মাদক কারবারি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে নদী পাড় হয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে বস্তাটি তল্লাশি করে ৫৩ বোতল ভারতীয় Triprolidine Hydrochloride & Codeine Phosphate Eskuf Syrup এবং ৯৯ পিস ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট জব্দ করা হয়।
অন্যদিকে, একই রাতে ভোর ৪টার দিকে মীরগঞ্জ বিওপির একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঘা থানার বারশিপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে একটি কাঁঠাল বাগানে তল্লাশি চালিয়ে কাঁঠাল গাছের শিকড়ের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, দুটি অভিযানে জব্দ করা মাদকদ্রব্য যথাক্রমে চারঘাট মডেল থানা ও বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এসব মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
