পদত্যাগের পর নাহিদ ইসলামকে কড়া বার্তা ইশরাকের, মাদকবিরোধী অভিযানে নতুন পদক্ষেপের ইঙ্গিত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনকে কেন্দ্র করে বিতর্কের জেরে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। পদত্যাগের পর এবার বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া বক্তব্য দিয়েছেন তিনি। একই সঙ্গে মাদক নির্মূলে নতুন কৌশল নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন ইশরাক।

সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নাহিদ ইসলামের সমালোচনা করেন ইশরাক। তিনি অভিযোগ করেন, মাদকবিরোধী অভিযান নিয়ে আলোচনার পরিবর্তে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ খুঁজে বের করার ওপর বেশি গুরুত্ব দিয়েছেন নাহিদ ইসলাম।

ইশরাক লেখেন, নাহিদ ইসলামকে তিনি একসময় নতুন বন্দোবস্তের ধারক হিসেবে বিবেচনা করতেন। কিন্তু তার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে মাদকের ভয়াবহতা ও প্রতিকার নিয়ে কথা না বলে আইনি অপরাধ খোঁজার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, তরুণ প্রজন্মের প্রত্যাশিত পরিবর্তন এই নেতৃত্বের মাধ্যমে আসবে না।

স্ট্যাটাসে নাম প্রকাশ না করে আরও একজনের প্রসঙ্গ টানেন ইশরাক। তার দাবি, ওই ব্যক্তি ফোন করে মাদকবিরোধী অভিযানে সঙ্গে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে এ ধরনের অভিযানে অংশ নিতে গিয়ে আইনি জটিলতায় পড়ার আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি।

নাহিদ ইসলামকে উদ্দেশ করে ইশরাক আরও বলেন, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের অভিযোগ থাকলে মামলা করা হোক। তিনি নিজেই আত্মসমর্পণ করে কারাগারে যেতে প্রস্তুত বলেও মন্তব্য করেন। তার ভাষ্য, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলা হলেও শুধু পদত্যাগের মধ্য দিয়ে সমস্যার সমাধান হবে না।

মাদক নির্মূলের বিষয়ে ইশরাক তার স্ট্যাটাসে লেখেন, প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে এর প্রতিকার করতে হবে। পাশাপাশি বড় মাদক কারবারিদের উদ্দেশে শিগগিরই নতুন পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন তিনি।

এর আগে ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেছিলেন, কেন তাকে পদত্যাগ করতে হলো, সে বিষয়ে সরকারকে ব্যাখ্যা দিতে হবে। তার মতে, ইশরাকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের বিষয়টিও পরিষ্কার করা হয়নি।

নাহিদ ইসলামের বক্তব্য, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। শুধু পদত্যাগ করাকে তিনি সমস্যার সমাধান হিসেবে দেখছেন না।

ইশরাকের পদত্যাগের পর তার ফেসবুক স্ট্যাটাস এবং নাহিদ ইসলামের বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice