মান্দায় গোয়ালের ময়লা পানি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে আহত

প্রতিবেদক: ​নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের ভদ্রসেনা গ্রামে জমিজমার সীমানা ও পারিবারিক পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। গরুর গোয়ালের ময়লা পানি, গোবর ও টয়লেটের আবর্জনা ফেলাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। আহতরা বর্তমানে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহতদের পরিবারের সদস্য মোছা. নাদিরা বেগম (৪৭) গত বুধবার (১ জুলাই) মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভদ্রসেনা গ্রামের বাসিন্দা মো. রিয়াজ উদ্দীনের পরিবারের সঙ্গে প্রতিবেশী মো. দুলাল হোসেন (৪৮), মোছা. রূপভান বেগম (৭০), মো. নাসির উদ্দীন (২৮), মোছা. নার্গিস বেগম (৪৫), মো. লালচান (১৯) ও মোছা. আসমা বেগম (২৫)-এর দীর্ঘদিন ধরে জমিজমার সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে পূর্ব থেকেই উত্তেজনা বিরাজ করছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, বিবাদীদের গরুর গোয়ালের ময়লা পানি, গোবর এবং টয়লেটের নোংরা আবর্জনা তাদের বাড়ির সামনের রাস্তায় জমে দুর্গন্ধের সৃষ্টি করছিল। বিষয়টি একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগে আরও বলা হয়, গত ১ জুলাই দুপুর আড়াইটার দিকে বৃষ্টির পানিতে ভেসে আসা ওই নোংরা আবর্জনা তাদের বাড়ির সামনে জমে গেলে নাদিরা বেগমের পরিবার বিবাদীদের নিজ সীমানার মধ্যে গর্ত করে ময়লা রাখার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে রিয়াজ উদ্দীন (৫৬) ও তার ছেলে নাঈম উদ্দীন (৩০)-এর ওপর হামলা চালান।

এলোপাতাড়ি মারধরে বাবা-ছেলের মাথা, পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice