রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েটের ১৮ শিক্ষার্থী। রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে প্রথমবারের মতো এ সুযোগ পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। এর ফলে নগর উন্নয়ন, প্রকৌশল ও সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রমে সরাসরি কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তারা।
সোমবার (১৭ আগস্ট) সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষের জ্ঞান অর্জন করলেই হবে না; বাস্তব কর্মপরিবেশের সঙ্গেও পরিচিত হতে হবে। তাদের পেশাগত প্রস্তুতি ও দক্ষতা বৃদ্ধির কথা বিবেচনা করেই রাসিকে ইন্টার্নশিপের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এই ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা নগর ব্যবস্থাপনা, প্রকৌশল কার্যক্রম ও উন্নয়ন প্রকল্প সম্পর্কে বাস্তব ধারণা পাবেন। ভবিষ্যতে তাদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে রুয়েট ও রাসিকের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা জানান তিনি।
অনুষ্ঠানে রাজশাহীকে আধুনিক, পরিকল্পিত, সবুজ, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরীতে রূপ দেওয়ার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বর্তমান সরকারের ছয় মাসের কার্যক্রম এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা রূপরেখার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়। কৃষিঋণ মওকুফ, খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী ভাতাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রমের কথাও তুলে ধরা হয়।
রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, রুয়েট শিক্ষার্থীদের জন্য রাসিকে ইন্টার্নশিপের সূচনা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। রাসিক প্রশাসকের উদ্যোগে এ সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি ভবিষ্যতেও এ কার্যক্রম চালু রাখার প্রত্যাশা জানান।
ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস বলেন, তাদের আগে রুয়েটের কোনো শিক্ষার্থী রাসিকের অধীনে ইন্টার্নশিপের সুযোগ পাননি। প্রথমবার এমন সুযোগ পেয়ে তারা আনন্দিত এবং রাসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞ।
এর আগে গত ১৪ জুলাই রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুর রাজ্জাক। ওই সময় নগর উন্নয়ন, শিক্ষা-গবেষণা, পরিবেশ সংরক্ষণ, স্মার্ট সিটি এবং দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বৈঠকে রুয়েট শিক্ষার্থীদের রাসিকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ইন্টার্নশিপের অংশ হিসেবে শিক্ষার্থীরা রাসিকের প্রকৌশল বিভাগ ও অন্যান্য শাখার কার্যক্রম, নগর অবকাঠামো, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, নগর পরিকল্পনা এবং উন্নয়ন প্রকল্প সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। এর মাধ্যমে তাদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব কাজের সঙ্গে যুক্ত করার পাশাপাশি সমস্যা সমাধান ও পেশাগত দক্ষতা আরও উন্নত হবে।
