বেগম খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ে চিরকাল থাকবেন: ভূমিমন্ত্রী মিনু

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে যাওয়া আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শনিবার (১৫ আগস্ট) বাদ আছর রাজশাহী নগরীর সোনাদিঘি মসজিদে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, গণতন্ত্রের মা ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবদ্দশায় দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন। তিনি বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজপথের আন্দোলন-সংগ্রামেও তাঁর অবদান ছিল অনস্বীকার্য।

তিনি আরও বলেন, দেশের মানুষের কল্যাণে বেগম খালেদা জিয়া সবসময় কাজ করেছেন। তাঁর রাজনৈতিক জীবন ও অবদান দেশের মানুষ দীর্ঘদিন স্মরণ করবে।

মিজানুর রহমান মিনু বলেন, আমরা মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

এ ছাড়া রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, জয়নাল আবেদীন শিবলী, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice