প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার গ্রীন ভয়েস বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় কাঁঠাল, বড়ই, পেয়ারা, তেঁতুল, জলপাইসহ বিভিন্ন প্রজাতির প্রায় দেড় শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নিজ হাতে গাছ রোপণ করে এবং তাদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেসপাতি বেগমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য উৎসাহিত করেন।
এছাড়া গ্রীন ভয়েস ইবি শাখার সভাপতি মো. মিলন রানা উপস্থিত থেকে বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে এই সচেতনতা তৈরি করা জরুরি, যাতে তারা ভবিষ্যতে পরিবেশবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
কর্মসূচিতে গ্রীন ভয়েস ইবি শাখার অন্যান্য সদস্যরাও উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
