বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয় এবং ভাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) নগরীতে ভ্রাম্যমাণ আদালত এবং তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে অনঅনুমোদিত খাদ্য উৎপাদন ও বিক্রি এবং নিষিদ্ধ কেমিকেল দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ৫টি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া ‘সুইটমিট (মিষ্টি) ও ফার্মেন্টেড মিল্ক (দই)’ উৎপাদন ও বিক্রি এবং পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সম্বলিত লেবেল না থাকায় নগরীর সাহেববাজার বড় মসজিদ সংলগ্ন ‘শামিম সুইটস’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
তিনি জানান, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে বিএসটিআই’র এধরণের অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয় সাগরপাড়ার রথের মেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে। এ সময় মেলার অস্থায়ী দোকানে জিলাপি উৎপাদনে নিষিদ্ধ হাইড্রোজ এবং মিষ্টি ও লাড্ডু উৎপাদনে অনুমোদনহীন রং ব্যবহারসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পায়। এ প্রেক্ষিতে ৪টি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ এবং অনুমোদনহীন রং, হাইড্রোস, রং ও কেমিক্যাল মিশ্রিত খাদ্যপণ্য ধ্বংস করা হয়।
খাদ্যপণ্যে এধরণের উপকরণ ব্যবহারে নিরুৎসাহিত এবং পরিচ্ছন্নতা পরিবেশে খাদ্য প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়। গত ২১ জুলাই একই বাজারের ৪টি দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান।
