রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী পূর্বপাড়া এলাকায় এক রাতে এক কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। পূর্ব শত্রুতার জেরে এক শ্রমজীবী কৃষকের প্রায় শতাধিক ফলন্ত কলাগাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ভুক্তভোগী কৃষকের নাম জয়নাল, যিনি কৃষিকাজের পাশাপাশি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
ঘটনার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক জয়নাল দিনরাত রিকশা চালিয়ে জমানো টাকা দিয়ে মাত্র কয়েক কাঠা জমি লিজ (বর্গা) নিয়ে কলার চাষ করেছিলেন। কিছুদিন পরেই তিনি ফসল ঘরে তুলতে পারতেন। কিন্তু গত ০৬ জুলাই রাতে স্থানীয় মেহেরচণ্ডী পূর্বপাড়া এলাকার বাসিন্দা রমজান ও মাহিম নামের দুই যুবক পূর্ব শত্রুতার জেরে জয়নালের ওই জমিতে প্রবেশ করে প্রায় শতাধিক কলাগাছ কেটে সাবাড় করে দেয়।
ভুক্তভোগী কৃষক জয়নাল জানান, রিকশা চালানোর হাড়ভাঙা খাটুনির টাকা দিয়ে অনেক স্বপ্ন নিয়ে তিনি এই কলার বাগান করেছিলেন। এক রাতেই তার সব স্বপ্ন শেষ হয়ে গেছে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগ উঠেছে, এই ঘটনায় থানায় জিডি দায়ের করা হলেও ভুক্তভোগী পরিবারটি কোনো প্রশাসনিক সুরক্ষা বা কার্যকর সহযোগিতা পাচ্ছে না। পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে গ্রাম্য সালিশ-বৈঠক ডাকা হলে সেখানেও পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। সালিশে উপস্থিত মন্ডল (মাতব্বর) ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে অভিযুক্ত রমজান ও মাহিম কলাগাছ কাটার কথা স্বীকার করে।
স্বীকারোক্তির ভিত্তিতে গ্রাম্য সালিশে মন্ডলরা অভিযুক্তদের মাত্র ৮ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু ক্ষমতার দাপটে অভিযুক্তরা সেই নামমাত্র জরিমানার সিদ্ধান্তও অমান্য করে এবং উল্টো কৃষক জয়নাল ও তার পরিবারকে মামলা তুলে নেওয়াসহ বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী জয়নালের দাবি, তিনি এই জঘন্য অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চান। দোষীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যা দেখে ভবিষ্যতে আর কেউ কোনো কৃষকের পেটে লাথি মারার বা এমন হীন কাজ করার সাহস না পায়। এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
