খেলা শুরুর বহু আগেই একাদশ ঘোষণা ফুটবলের নিয়মিত দৃশ্য। ক্রিকেটে যা বিরল। অবশ্য সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দল কখনো কখনো এই নিয়মে হাঁটছে। চলতি এশিয়া কাপে যা অনুসরণ করছে পাকিস্তান। নেপালের পর এবার ভারতের বিপক্ষেও আগেভাগেই একাদশ প্রকাশ করল পিসিবি।
আগামীকাল (শনিবার) ভারতের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। এশিয়া কাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। পাল্লাকেল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু বিকেল ৩টা ৩০ মিনিটে। আসরে ভারতের যা প্রথম ম্যাচ হলেও পাকিস্তানের জন্য দ্বিতীয়।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। সেই ম্যাচের আগের রাতেই নিজেদের সেরা একাদশ প্রকাশ করে দেয় তারা। যদিও ভাবা হচ্ছিল, দুর্বল প্রতিপক্ষ বলেই হয়তো তাদের এমন সাহসী পদক্ষেপ। তবে তা ভুল প্রমাণ করে, ভারতের বিপক্ষে মাঠে নামার আগের রাতেই নিজেদের সেরা একাদশ জানিয়ে দিল পাকিস্তান।
অপরিবর্তিত একাদশ নিয়েই ভারতের বিপক্ষে কাল লড়াইয়ে নামবে ওয়ানডে র্যাংকিংয়ের নম্বর ওয়ান দল পাকিস্তান। নেপালের বিপক্ষে যারা খেলেছিল তারাই খেলবে ভারতের বিপক্ষে।
পাকিস্তান একাদশ : ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আঘা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।
