চাঁপাইনবাবগঞ্জর নাচোল ও গোমস্তাপুর উপজেলায় হাজারদিঘী বিল সংলগ্ন একটি সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণের অভিযোগে কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এ কারণে প্রায় ৫ হাজার বিঘা জমির ধান পানির নিচে তলিয়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আসন্ন বর্ষা মৌসুমে একই পরিস্থিতির আশঙ্কায় অবৈধ বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে হাজারদিঘী বিলের ধারে আয়োজিত এ কর্মসূচিতে চার শতাধিক কৃষক অংশ নেন। এ সময় অনেক কৃষক তাদের সন্তানদের নিয়ে প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে যোগ দেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রায় পাঁচ বছর আগে বিল ইজারা নেওয়ার পর ইজারাদার নাসিম পাশের সরকারি খালে রাতের আঁধারে কংক্রিটের বাঁধ নির্মাণ করেন।
এর ফলে গত বছর বিলের আশপাশের প্রায় ৫ হাজার বিঘা জমির ধান পানির নিচে তলিয়ে যায় এবং ব্যাপক ক্ষতির মুখে পড়েন কৃষকরা।
তাদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং ইজারাদারের পক্ষ থেকে কৃষকদের হুমকি ও মামলার ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
দ্রুত সময়ের মধ্যে অবৈধ বাঁধ অপসারণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।