‘এমনি এমনি তো আর পাকিস্তান একদিনের ক্রিকেটের শীর্ষে পৌঁছয়নি। অনেক পরিশ্রম করে এই স্বীকৃতি আদায় করতে হয়েছে।’ বক্তা বাবর আজম নন। এমন সার্টিফিকেট দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অনেক দিন পর ভারত–পাকিস্তান দু’দলকে পাশাপাশি অনুশীলন করতে দেখা গেল। নেতা হিসেবে রোহিতের সাফল্য, পাকিস্তানের বিরুদ্ধে খুব ভালো। নেতৃত্ব দিয়েছেন দুটি ম্যাচে, পাকিস্তানকে হারতে হয়েছে দুটিতেই। তার নিজের স্কোর ৫২ ও অপরাজিত ১১১। কী হবে শনিবার? বিদেশ থেকে বহু মানুষ এই পাহাড়ঘেরা শহরে পৌঁছে গিয়েছেন। প্রচুর ভারতীয় ঢুকে পড়েছেন এখন শ্রীলঙ্কায়। কিন্তু থাকবেন কোথায়? অত হোটেল এই শহরে নেই। তাই, একেকটি ঘরে তিনজন–চারজন কোথাও কোথাও পাঁচজনকে ঢুকিয়ে দিচ্ছেন হোটেল মালিকরা। টিকিটের দাম বেড়ে গেছে বহুগুণ। ঘাসে বসে টিকিটের দাম ছিল ২৫০ টাকা, এখন তা ১০০০ টাকা। বক্সের টিকিট ৩০,০০০ টাকা।
আড়াই মাস ধরে বাবর আজমরা শ্রীলঙ্কায় আছেন। প্রথমে টেস্ট সিরিজ খেলেছেন, তারপর শ্রীলঙ্কা লিগে। তাই শনিবারের বৃষ্টির পূর্বাভাস শুনে হেসে ফেললেন, ‘কে আর কবে বৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। তবে অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই পূর্বাভাস মেলেও না।’ পাকিস্তান অধিনায়ক কোনো রকম নেতিবাচক আলোচনাকে গুরুত্ব দিতে নারাজ।
এমন একজন অধিনায়ক যখন বলেন, যে তেমন চাপ অনুভব করছেন না, তখন মেনে নিতে হয়। যখন বলা হলো, শনিবারের ম্যাচ আসলে পাকিস্তানি বোলারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের লড়াই, তখনো তিনি নির্লিপ্ত! বললেন, ‘এটুকু বলতে পারি, আমাদের ব্যাটারদের আন্ডার এস্টিমেট করার পালা চলুক। তবে, আমরা এসব নিয়ে মাথা ঘামাই না।’ একইসাথে জানিয়ে দিলেন, মোহম্মদ নওয়াজকে ব্যাটিং অর্ডারে ওপরে তুলে আনার কোনো পরিকল্পনা নেই, ‘আমরা নর্ম্যাল ক্রিকেট খেলার চেষ্টা করব। তাই আগা বা শাদাবকে নিচের দিকে ধরার দায়িত্ব দিয়ে রাখছি। গত দু’বছর ধরে ভালো খেলেছি। আমরা প্রস্তুত। বিশ্বকাপ পরে, আগে এশিয়া কাপ জিততে চাই।’
বিরাট বা বাবরের সামনাসামনি পড়ে গেলে একে অন্যের সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। বাবর বললেন, ‘বিরাট আমার থেকে বয়সে বড়। বিরাটের থেকে শুরুর দিকে অনেক কিছু শিখেছি।’
বলতে বলতেই দৌড়লেন মাঠের দিকে যেখানে অপেক্ষা করছিল গোটা দল। ‘নামাজ’ পড়তে যেতে হবে- বলতে বলতে এগোলেন। ‘নামাজ’ পড়ার সময় মাঝখানে বসেছিলেন শাহিন আফ্রিদি হাঁটু মুড়ে। চোট থাকলে ওভাবে শাহিন হাঁটু মুড়ে বসতে পারতেন? বোঝাই গেল, শনিবার তার হাতেই বাবর তুলে দেবেন নতুন বল।
সূত্র : আজকাল
