ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মঙ্গলবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দাম ১ শতাংশের বেশি কমে যায়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৫১ সেন্ট কমে দাঁড়িয়েছে ১১১ ডলার ৯২ সেন্টে। এর আগে দাম ছিল প্রতি ব্যারেল ১১৩ ডলার ৪৩ সেন্ট। শতকরা হিসাবে ব্রেন্টের দাম কমেছে ১ দশমিক ৩৩ শতাংশ।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দামও কমেছে। প্রতি ব্যারেলে ১ ডলার ৭৮ সেন্ট কমে এর দাম দাঁড়িয়েছে ১০২ ডলার ৩৪ সেন্টে। অর্থাৎ ডব্লিউটিআইয়ের দাম কমেছে ১ দশমিক ৭১ শতাংশ।
এদিকে, যুদ্ধের অবসান ঘটিয়ে সমঝোতায় পৌঁছাতে ইরান ও কাতারের কর্মকর্তারা টানা তৃতীয় দিনের মতো আলোচনা চালিয়ে যাচ্ছেন। সংশ্লিষ্টদের মধ্যে এই আলোচনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
