নভেম্বর মাসেও দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে পুরো মাস ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হবে।
সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২০ সেপ্টেম্বর নির্ধারিত জ্বালানি তেলের মূল্যহার নভেম্বর মাসের জন্যও বহাল রাখা হয়েছে।
এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় গত ২০ সেপ্টেম্বর দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছিল।
তখন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মার্চ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান করেছে। এ পরিস্থিতিতে লোকসান কমানো, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখা এবং জ্বালানি তেল পাচার রোধে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর মাসেও সেপ্টেম্বর মাসে নির্ধারিত বাড়তি দামেই জ্বালানি তেল কিনতে হবে গ্রাহকদের।
