সাজিদ আব্দুল্লাহর হত্যার দ্রুত বিচারের দাবিতে তলাবায়ে আরাবিয়ার বিক্ষোভ

প্রতিবেদক: ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শহীদ সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের দ্রুত বিচার, জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামেয়াতে তলাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় বিক্ষোভ মিছিলে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘তুমি কে আমি কে, সাজিদ, সাজিদ’, ‘বিচার বিচার বিচার চাই, সাজিদ হত্যার বিচার চাই’, ‘বিচার নিয়ে তালবাহানা, মানি না মানব না’, ‘সাজিদের রক্ত বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

সমাবেশে সংগঠনটির সাবেক সভাপতি মোহাম্মদ সাজেদুল্লাহ শেখ বলেন, শহীদ সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও বিচার নিশ্চিত হয়নি। তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রশাসনকে শিক্ষার্থীদের কাছে স্পষ্ট করতে হবে। হত্যাকাণ্ডের বিচার না হলে ক্যাম্পাসে এমন ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থেকে যায়। সাজিদ হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি সাজিদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা বাস্তবায়িত হয়েছে কি না, সেটিও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্ট করতে হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে হল দখল, ক্ষমতার প্রদর্শন ও সংঘাতের রাজনীতি বন্ধ করতে হবে। শিক্ষার্থীরা নিরাপদ ও স্বাধীন পরিবেশে পড়াশোনা এবং প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ চান। ক্যাম্পাসের স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রশাসন ব্যর্থ হলে আমরা আমাদের দাবি রাষ্ট্রের কাছে তুলে ধরবো।

সংগঠনটির সভাপতি এস এম শামীম বলেন, শহীদ সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও খুনিদের শনাক্ত ও বিচারের আওতায় আনা যায়নি। নতুন প্রশাসন বিচার নিশ্চিত করার আশ্বাস দিলেও এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। অনতিবিলম্বে হত্যার সুষ্ঠু তদন্ত, খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাজিদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং তাঁর স্মরণে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত একটি হলের নামকরণ করার দাবি জানান তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে হত্যা, গুম, সংঘাত ও অরাজকতার কোনো স্থান থাকতে পারে না। প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে তাদের ব্যর্থতার দায় নিতে হবে। আমরা কোনো পক্ষের দালালি করি না; বরং শিক্ষার্থীদের অধিকার, ন্যায়বিচার ও বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য বাস্তবায়নে কাজ করি। বিশ্ববিদ্যালয়ে ইসলামি শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয় সাধন, ঘোষিত কার্যক্রম বাস্তবায়ন এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে সাজিদ হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সব ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice