রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হক ও বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার এবং উপাচার্যের পিএ নাজমুল হোসাইনকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), রাজশাহী জেলা শাখা।
গত ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে সংগঠনটির এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, একদল ব্যক্তি নিজেদের ‘ছাত্র-জনতা’ পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ করেন। তারা উপাচার্য অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হককে লাঞ্ছিত করে পূর্বপ্রস্তুত পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করেন বলে অভিযোগ করা হয়েছে। একই ঘটনায় সেকশন অফিসার ও উপাচার্যের পিএ নাজমুল হোসাইনকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয় বলে দাবি করেছে এনডিএফ।
সংগঠনটি বলছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে মতভেদ বা অভিযোগের সমাধান জোরপূর্বক কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে নয়, বরং আইন ও ন্যায়সংগত প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। এ ধরনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তাও হুমকির মুখে পড়ে।
এনডিএফ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। পাশাপাশি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হক, অধ্যাপক ডা. কাজী মঈনউদ্দীন আহমেদ, ডা. মো. রেজাউল করিম এবং ডা. এ কে এম রেজাউলনুর ইসলাম মারুফ স্বাক্ষর করেন।
