সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদলের নাম উল্লেখ না করে রাবি প্রশাসনের বিজ্ঞপ্তি

প্রতিবেদক: রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর নেক্কারজনক হামলার ঘটনায় জড়িত ছাত্রদল নেতাদের নাম উল্লেখ না করেই বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যেখানে সরাসরি হামলায় জড়িত ছাত্রদল নেতাদের নাম উল্লেখ না করে রাবি ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টিকারীদের প্রতি সতর্কবার্তা উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, কতিপয় শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করছে। পাশাপাশি, তারা ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এমনকি তারা গণমাধ্যম কর্মীদের উপর হামলা করে তাদের দায়িত্ব পালনে বাধা দিয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি ক্যাম্পাসের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমতাবস্থায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে জানাচ্ছে যে, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়—এমন কোনো কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুযায়ী যথাযথ ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের সার্বিক শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল আচরণ ও সহযোগিতা কামনা করছে।

এদিকে হামলার দায় স্বীকার করে সাংবাদিকদের গুপ্ত হিসেবে উল্লেখ করেছে রাবি ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব। ফেসবুক পোস্ট তিনি বলেন, কোন নিরপেক্ষ সাংবাদিকের ওপর হামলা করা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিকারী সাবেক ছাত্রলীগ নেতা, জিয়া হলের জিএস আরিফুলকে ধরতে জিয়া হলে গেলে সংক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীদের উপর যেসব সাংবাদিক নামধারী গুপ্ত শিবির ছানা হামলা করতে এসেছে তাদেরকে প্রতিহত করা হয়েছে মাত্র।

উল্লেখ্য, রোববার রাতে জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিবসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice