রুয়েট ও আইআইবিএ বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রতিবেদক: রুয়েট প্রতিনিধি:

ব্যবসায় বিশ্লেষণ বিষয়ে দক্ষতা উন্নয়ন, পেশাগত প্রশিক্ষণ ও শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়াতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সঙ্গে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস অ্যানালাইসিসের (আইআইবিএ) বাংলাদেশ চ্যাপ্টারের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় রুয়েট উপাচার্যের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে রুয়েটের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, পরিচালক ড. মো. রবিউল ইসলাম সরকার, সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিক, ইসিই অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ এবং সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান।

অন্যদিকে আইআইবিএ বাংলাদেশ চ্যাপ্টারের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ শাহাদাত কবির, পেশাগত উন্নয়ন বিষয়ক সহ-সভাপতি আজুবা খন্দকার, স্বেচ্ছাসেবা বিষয়ক সহ-সভাপতি মো. গোলাম গাউস সরকার এবং সদস্য মো. মাহবুব আলম।

চুক্তির আওতায় রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ব্যবসায় বিশ্লেষণ বিষয়ে দক্ষতা বৃদ্ধি, পেশাগত প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রস্তুতির সুযোগ তৈরি হবে। পাশাপাশি শিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত করার সুযোগ থাকবে।

সমঝোতা অনুযায়ী, ব্যবসায় বিশ্লেষণ বিষয়ে সচেতনতা ও দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয় ক্ষেত্রগুলো দুই প্রতিষ্ঠান যৌথভাবে চিহ্নিত করবে। এসব চাহিদার ভিত্তিতে আইআইবিএ বাংলাদেশ সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রস্তুতি সেশনসহ বিভিন্ন কার্যক্রম আয়োজন করতে পারবে। এসব আয়োজনে রুয়েটের সংশ্লিষ্টরা বিশেষ বা অগ্রাধিকারমূলক সুবিধায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এছাড়া আইআইবিএ বাংলাদেশের নেটওয়ার্কিং অনুষ্ঠান, সেমিনার, সম্মেলন, কর্মশালা ও পেশাগত উন্নয়নমূলক বিভিন্ন আয়োজনে রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে। পারস্পরিক সম্মতির ভিত্তিতে এসব নির্বাচিত আয়োজনের পৃষ্ঠপোষকতা বা সহ-আয়োজনেও রুয়েট যুক্ত হতে পারবে।

চুক্তির অংশ হিসেবে রুয়েটের ইন্টার্নশিপ, গবেষণা, পরামর্শকতা ও চাকরির সুযোগগুলো আইআইবিএ বাংলাদেশের সদস্যদের মধ্যে প্রচারের সুযোগ থাকবে। একইভাবে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়োগনীতি ও প্রক্রিয়া অনুসরণ করে যোগ্য আইআইবিএ সদস্যদের সংশ্লিষ্ট সুযোগে বিবেচনা করা যেতে পারে।

সামাজিক কল্যাণ, টেকসই উন্নয়ন, পেশাগত সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটি উন্নয়নের লক্ষ্যে দুই প্রতিষ্ঠান যৌথভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ, বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন করতে পারবে। ব্যবসায় বিশ্লেষণ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা এবং উদ্ভাবনকে উৎসাহিত করতে আইআইবিএ বাংলাদেশের সম্মেলন, সামিট, প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে রুয়েট অংশগ্রহণের সুযোগ পাবে।

এছাড়া নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে রুয়েটের সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও অন্যরা আইআইবিএ বাংলাদেশের মেন্টরিং কার্যক্রম এবং সার্টিফিকেশন স্টাডি সার্কেলে অংশ নিতে পারবেন। ব্যবসায় বিশ্লেষণের মানদণ্ড, ‘বিজনেস অ্যানালাইসিস বডি অব নলেজ’ গাইড, আইআইবিএ সার্টিফিকেশন ও সংশ্লিষ্ট পেশাগত উন্নয়ন বিষয়ে বিনামূল্যে প্রাথমিক সেশনও আয়োজন করতে পারবে আইআইবিএ বাংলাদেশ।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস অ্যানালাইসিসের (আইআইবিএ) আনুষ্ঠানিক স্থানীয় চ্যাপ্টার হিসেবে আইআইবিএ বাংলাদেশ ২০২১ সালে যাত্রা শুরু করে। দেশে ব্যবসায় বিশ্লেষণ চর্চার প্রসার, মানোন্নয়ন ও পেশাগত বিকাশে কাজ করছে প্রতিষ্ঠানটি। প্রশিক্ষণ, শিক্ষাসামগ্রী ও সার্টিফিকেশন প্রস্তুতির মাধ্যমে পেশাজীবীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে সহায়তার পাশাপাশি শিল্পখাত ও একাডেমিয়ার মধ্যে সংযোগ তৈরিতেও কাজ করছে তারা।

প্রতিষ্ঠানটি নিয়মিত মাসিক ওয়েবিনার, ইন্টার‌্যাকটিভ প্যানেল আলোচনা ও কর্মশালার আয়োজন করে। এসব আয়োজনে অ্যাজাইল, সাইবার নিরাপত্তা, ডিজিটাল রূপান্তর ও ব্যবসায় বিশ্লেষণের সাম্প্রতিক প্রবণতাসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান বিনিময় করা হয়। নেটওয়ার্কিং অনুষ্ঠান ও সহযোগিতামূলক অংশীদারত্বের মাধ্যমে সদস্য, করপোরেট অংশীদার ও প্রযুক্তি খাতের নেতাদেরও যুক্ত করা হয়।

রুয়েট ও আইআইবিএ বাংলাদেশের এই অংশীদারত্বের ফলে ব্যবসায় বিশ্লেষণ বিষয়ে দক্ষতা উন্নয়ন, পেশাগত সুযোগ, গবেষণা এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। পাশাপাশি আইআইবিএ বাংলাদেশের পেশাগত নেটওয়ার্কে রুয়েটের পরিচিতি ও দৃশ্যমানতা বাড়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের পেশাজীবী ও শিল্পখাতের প্রতিনিধিদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগ সম্প্রসারিত হবে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice