রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন নগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও দড়িখরবোনা ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন রাসিক প্রশাসক। নামাজ শেষে তিনি মসজিদ ও সংলগ্ন ঈদগাহ মাঠ পরিদর্শন করেন।
এ সময় মসজিদ কমিটির সদস্যরা মসজিদের ওযুখানা নির্মাণ, রংকরণসহ বিভিন্ন উন্নয়নকাজের বিষয়ে প্রশাসকের সহযোগিতা কামনা করেন। জবাবে মো. মাহফুজুর রহমান রিটন মসজিদের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পরে তিনি কাদিরগঞ্জ এলাকার রাস্তা ও ড্রেন উন্নয়নের বিষয়ে খোঁজ নেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে রাসিকের প্রকৌশল বিভাগকে নির্দেশনা দেন। এ সময় মসজিদ ও ঈদগাহ কমিটির পক্ষ থেকে রাসিক প্রশাসককে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।
এরপর রাসিক প্রশাসক কাদিরগঞ্জ দড়িখরবোনা ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। সেখানে ঈদগাহ কমিটির সদস্যরা মাঠের উন্নয়ন ও সম্প্রসারণে সহযোগিতা কামনা করেন। প্রশাসক ঈদগাহের উন্নয়ন ও সম্প্রসারণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাসিকের প্রকৌশল বিভাগকে নির্দেশনা দেন।
পরিদর্শনকালে কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ কমিটির সভাপতি মাসুদুর রহমান নিলু, সাধারণ সম্পাদক তারেক হাসান, ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মো. রেজাউল করিম, সহ-সভাপতি নাজমুল ইসলাম আয়নাল, সাধারণ সম্পাদক মো. অহিদুল ইসলাম রিয়াসুল, মসজিদের খতিব হাফেজ মাওলানা আফতাব আহম্মেদসহ রাসিকের প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাসিকের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দিন আরজু, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী মো. শাহেদুজ্জামান জীবন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মসজিদ ও ঈদগাহ কমিটির সদস্য, মুসল্লি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
