রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোকড়াকুল, আটভাগ ও বাঁশবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার ওই তিন এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উদ্দেশ্য ছিল মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকের বিস্তার রোধ করা।
আটক ব্যক্তিরা হলেন—বাঁশবাড়িয়া এলাকার রাজু আহমেদের ছেলে ইমন, একই এলাকার হাবিবুর রহমানের ছেলে তুহিন, আটভাগ এলাকার আলী হোসেনের ছেলে জুয়েল রহমান এবং ধোকড়াকুল এলাকার লায়েবের ছেলে রাজু ইসলাম।
অভিযান শেষে আটক চারজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের মধ্যে তিনজনকে ১ হাজার টাকা করে এবং একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা হবে।
