ডিজাস্টার স্কলারশিপ স্কিম চালুর প্রস্তাব নেপালি শিক্ষার্থীদের, উপাচার্যের সম্মতি

প্রতিবেদক: রাবি প্রতিনিধি:

নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ডিজাস্টার স্কলারশিপ স্কিম’ চালুর প্রস্তাব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীরা। প্রস্তাবটি স্বাগত জানিয়ে তহবিল পাওয়া সাপেক্ষে বৃত্তি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে নেপালি শিক্ষার্থীরা এ প্রস্তাব দেন।

সাক্ষাৎকালে নেপালি শিক্ষার্থীরা সম্প্রতি নেপালে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উপাচার্যকে জানান। তারা বলেন, ‘দুর্যোগে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব শিক্ষার্থীদের পড়াশোনাতেও পড়তে পারে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে একটি বিশেষ বৃত্তি সহায়ক ভূমিকা রাখতে পারে।’
এ সময় তারা রাবিতে ‘ডিজাস্টার স্কলারশিপ স্কিম’ চালুর প্রস্তাব দেন। তাদের মতে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয়ের এমন একটি উদ্যোগ মানবিক সহায়তার পাশাপাশি তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।

নেপালের সাম্প্রতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির ঘটনায় শোক ও সমবেদনা জানান উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। নেপালি শিক্ষার্থীদের প্রস্তাবকে স্বাগত জানিয়ে তিনি বলেন, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে তহবিল পাওয়া গেলে বৃত্তি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক এস এম কামরুজ্জামান এবং শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরির ওয়ার্ডেন অধ্যাপক মো. আবু বকর প্রাং উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice