বিশিষ্ট ইসলামিক বক্তা ও দ্বীনি ব্যক্তিত্ব, কুমিল্লা নাগাইশ দরবার শরীফের পীর সাহেব অধ্যক্ষ মোশতাক ফয়েজীর আলোচনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হয়েছে ‘সিরাত মাহফিল ও নাতে রাসূল (সাঃ)’। পবিত্র সিরাতের শিক্ষা এবং ইসলামী সংস্কৃতির সৌন্দর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় রেনেসাঁ কালচারাল গ্রুপ-রুয়েট এ অনুষ্ঠানের আয়োজন করে।
পবিত্র কুরআন তিলাওয়াত ও নাতে রাসূল (সাঃ) পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ মোশতাক ফয়েজী। তিনি সিরাতের শিক্ষা ও মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের সিরামিকস ও মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক রিদওয়ানুল হক। এছাড়া রেনেসাঁ কালচারাল গ্রুপের সাবেক সভাপতি তানজিমুল ইসলাম, সাবেক সেক্রেটারি এস. এ. ফারুক সিয়ামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি ইসলামী সাংস্কৃতিক পর্বে নাতে রাসূল (সাঃ) পরিবেশন করা হয়। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের একটি দলও নাতে রাসূল পরিবেশন করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে রুয়েট শিক্ষার্থীদের জন্য মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও আদর্শভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি দুটি বিভাগে অনুষ্ঠিত হয়। ‘ক’ বিভাগে ২০–২৩ সিরিজ এবং ‘খ’ বিভাগে ২৪–২৫ সিরিজের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পান।
কুইজ প্রতিযোগিতার ‘ক’ বিভাগে বিজয়ী হন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিস রেদওয়ান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম। ‘খ’ বিভাগে বিজয়ী হন যন্ত্রকৌশল বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাফহিমুল ইসলাম এবং পুরকৌশল বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীম।
আয়োজকদের পক্ষ থেকে রেনেসাঁ কালচারাল গ্রুপের সভাপতি ও ইসিই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুহায়েল আহমেদ বলেন, “মহানবী (সাঃ) এর জীবন ও আদর্শের শিক্ষা আমাদের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। তরুণ প্রজন্মের কাছে এ আদর্শের চর্চা পৌঁছে দেওয়া এবং ইসলামী সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করা ছিল আমাদের মূল লক্ষ্য। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের পাশাপাশি আমরাও ব্যক্তিগত থেকে রাষ্ট্রীয় জীবন প্রিয় নবী (সাঃ) এর আদর্শ অনুযায়ী পরিচালনা করবো এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় মোশতাক ফয়েজী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি সিরাতের শিক্ষা ও মহানবী (সাঃ)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। আয়োজনে নারী শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছিল।
