ছিনতাইয়ের প্রস্তুতিকালে রাজশাহীতে দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার হাসুয়া ও ওয়্যারলেস সদৃশ মোবাইল

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ—ডিবি। এ সময় তাদের কাছ থেকে দুটি হাসুয়া, ওয়্যারলেস সদৃশ একটি মোবাইল ফোনসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বোয়ালিয়া থানার কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার এস এম এহসান উদ্দিন বাদশার ছেলে এস এম হাসান মুক্তাদির কিউট, বয়স ২৩ বছর। তিনি বর্তমানে শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় বসবাস করেন। অপরজন বোয়ালিয়া থানার কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. সিফাজ হোসেন, বয়স ২৫ বছর।

পুলিশ জানায়, হাসান মুক্তাদির কিউটের কাছ থেকে লোহার বাটযুক্ত ৩১ ইঞ্চি লম্বা একটি হাসুয়া, একটি ওয়্যারলেস সদৃশ মোবাইল ফোন এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। আর সিফাজ হোসেনের কাছ থেকে কাঠের বাটযুক্ত ২৬ ইঞ্চি লম্বা একটি হাসুয়া ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, হাসান মুক্তাদির কিউটের কাছ থেকে উদ্ধার করা ওয়্যারলেস সদৃশ মোবাইল ফোনটি যাচাই করে তাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মনোগ্রাম ব্যবহারের তথ্য পাওয়া যায়। এছাড়া একটি মোবাইল নম্বর ‘হোয়াটসঅ্যাপ’ নামে সংরক্ষিত ছিল।

পুলিশের দাবি, সরকারি কর্মচারী না হয়েও সরকারি প্রতিষ্ঠানের মনোগ্রাম ব্যবহার এবং ওয়্যারলেস সদৃশ মোবাইল ফোনের মাধ্যমে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে ছিনতাইসহ অপরাধ সংঘটনের চেষ্টা করা হয়েছে।

আরএমপি আরও জানায়, গ্রেপ্তার হাসান মুক্তাদির কিউটের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় পেনাল কোডের ধারায় সাতটি ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। অপরদিকে, সিফাজ হোসেনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় পেনাল কোডের ধারায় একটি এবং চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

এ ঘটনায় সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ ও সরকারি প্রতিষ্ঠানের মনোগ্রাম ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

সরকারি কর্মচারীর পরিচয় ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে সতর্ক থাকার জন্য মহানগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice