রাজশাহীর পুঠিয়ায় মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ঝলমলিয়া বাজার ও খুঁটিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে ঝলমলিয়া বাজার থেকে মাদক বিক্রির অভিযোগে মোন্তাজ আলীর ছেলে নুরুল ইসলাম নুরকে এবং খুঁটিপাড়া এলাকা থেকে মাদক সেবনের অভিযোগে আব্দুল গফুরের ছেলে জব্বার আলীকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনের মধ্যে একজনকে ৬ মাস এবং অপরজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে উপজেলা প্রশাসন কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ গ্রহণ করবে।
উপজেলা প্রশাসনের এমন অভিযানে স্থানীয়দের মধ্যে মাদকবিরোধী কার্যক্রম জোরদার হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।
