রাবির প্রতিটি হলের রিডিং রুমে বসছে এসি, ইউজিসির বাজেট অনুমোদন

প্রতিবেদক: রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোর রিডিং রুমের পড়াশোনার পরিবেশ উন্নয়নে প্রতিটি হলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছ থেকে প্রয়োজনীয় বাজেট অনুমোদন করিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও আরামদায়ক ও উপযোগী করতে প্রতিটি আবাসিক হলের রিডিং রুমে পর্যায়ক্রমে এসি স্থাপন করা হবে। এ সংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও উন্নত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে এ বাজেট অনুমোদন করিয়েছি। প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ থেকেই পর্যায়ক্রমে রিডিং রুমগুলোতে এসি স্থাপনের কাজ শুরু হবে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে গরমের সময়ে রিডিং রুমে পড়াশোনা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হতো বলে জানান শিক্ষার্থীরা। বিশেষ করে গ্রীষ্মকালে অতিরিক্ত গরম ও অস্বস্তিকর পরিবেশে দীর্ঘ সময় পড়াশোনা করা কঠিন হয়ে পড়ত।

শিক্ষার্থীদের প্রত্যাশা, রিডিং রুমগুলোতে এসি স্থাপনের ফলে পড়াশোনার পরিবেশ আরও উন্নত হবে এবং তারা স্বাচ্ছন্দ্যে দীর্ঘ সময় একাডেমিক কার্যক্রমে মনোযোগ দিতে পারবেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice