ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগে ব্যাবসায় অনুষদের ডিন প্রফেসর ড. আবদুস শাহীদ মিয়া কে সভাপতি হিসেবে নিয়োগ দেয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন । নিজস্ব বিভাগের শিক্ষককে সভাপতি হিসেবে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে বিভাগটির শিক্ষার্থীবৃন্দ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় অনুষদ ভবনের নিচতলায় বিভাগটির সকল শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন করা হয়। এসময় শিক্ষার্থীরা “দাবি মোদের একটাই, নিজ বিভাগের চেয়ারম্যান চাই, দফা এক দাবি এক ডিন স্যারের পদত্যাগ, অবৈধ নিয়োগ মানি না মানবো না, স্লোগানে ভবনটি উত্তাল করে তোলেন।
বিভাগীয় সূত্রে জানা যায়, মার্কেটিং বিভাগে বর্তমানে পাঁচজন শিক্ষক রয়েছেন। তারা সবাই সহকারী অধ্যাপক। এর মাঝে একজন শিক্ষক পূর্বে সভাপতির দায়িত্ব পালন করেছেন। অন্য আরেকজন শিক্ষকের সভাপতির মেয়াদ গতকাল (১৭ আগস্ট) শেষ হয়েছে। বিধি অনুযায়ী বিভাগটির বাকী তিনজন শিক্ষকই সভাপতি হওয়ার যোগ্য বলে বিবেচিত।
ক্ষোভ প্রকাশ করে ২০২১-২০২২ শিক্ষার্ষের শিক্ষার্থী বর্ণালী বর্ণা বলেন, এখানে আসার একটাই উদ্দেশ্য, একটাই দাবি আমাদের ডিপার্টমেন্টে এত ক্যাপাবল টিচার থাকা সত্ত্বেও আমাদের কেন বাইরের ডিপার্টমেন্ট থেকে চেয়ারম্যান হবে?বাইরের ডিপার্টমেন্টের কোন টিচারকে আমরা আমাদের চেয়ারম্যান হিসেবে মানবো না।আমরা ক্লাস পরীক্ষা বর্জন করে এখানে বসেছি। আমরা কোনো ধরনের কোনো ভাঙচুর না করে সুষ্ঠুভাবে আমরা এখানে বসেছি পলিটিক্যাল কোনো দিক থেকে আমরা নেই, আমরা শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী হিসেবে এখানে আসছি। বিভাগের শিক্ষকরা এত বছর পরিশ্রম করে আমাদের বিভাগকে এগিয়ে নিয়ে আসছেন। আমরা চাই তাদের পরিশ্রম ও যোগ্যতার যথার্থ মূল্যায়ন হোক।
