পরিবেশ সংরক্ষণে নতুন বার্তা, জুলাই চেতনায় রুয়েটে ২৪ প্রজাতির বৃক্ষরোপণ

প্রতিবেদক: রুয়েট প্রতিনিধি:

জুলাই আন্দোলনের স্মৃতি ও পরিবেশ সংরক্ষণের বার্তা একসঙ্গে তুলে ধরতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২৪ প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। রাজশাহী শহর পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত থেকে রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যায় আন্তরিক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জুলাইয়ের স্মৃতিকে ধারণ করে পরিচালিত এ উদ্যোগ সামাজিক দায়বদ্ধতা ও ইতিবাচক পরিবর্তনের প্রতীক। প্রতীকীভাবে ২৪টি চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে।

রাজশাহী শহর পরিষদের সভাপতি তালহা বিন কবির বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। জুলাই আন্দোলনের সংগ্রামী চেতনাকে স্মরণ করে প্রতীকী এ কর্মসূচির মাধ্যমে সবুজ আগামী গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

আয়োজকরা জানান, জুলাই আন্দোলনের স্মৃতিকে ধরে রাখার পাশাপাশি পরিবেশ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রুয়েট প্রশাসন ক্যাম্পাসে আরও পাঁচ হাজার গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice