আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক্স প্রতিযোগিতা রোবোসাব ২০২৬-এর সেমিফাইনাল পর্বে উত্তীর্ণ হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের দল ‘বেঙ্গলসাব’। দলটির উদ্ভাবিত স্বয়ংক্রিয় পানির নিচের যান ‘হাঙর ২.০’ সফলভাবে নির্ধারিত মিশন সম্পন্ন করে এ সাফল্য অর্জন করেছে।
আয়োজক RoboNation জানিয়েছে, এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশের ৫৮টি দল অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে Cornell University, Duke University, Georgia Institute of Technology, National University of Singapore, Stanford University, University of California, Berkeley, Bangladesh University of Engineering and Technology এবং BRAC University-সহ বিভিন্ন শীর্ষস্থানীয় প্রকৌশল ও গবেষণা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে সেমিফাইনালে জায়গা পাওয়া রুয়েটের জন্য গৌরবজনক অর্জন।
প্রতিযোগিতার প্রাথমিক ধাপে অংশগ্রহণকারী রোবটগুলোকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পানির নিচে নির্দিষ্ট গেট অতিক্রম, একটি কাঠামো ঘুরে আসা এবং পুনরায় নির্ধারিত স্থানে ফিরে আসার কাজ সম্পন্ন করতে হয়। ‘হাঙর ২.০’ সফলভাবে এই মিশন শেষ করায় ‘বেঙ্গলসাব’ সেমিফাইনালে অংশগ্রহণের সুযোগ লাভ করে।
বাংলাদেশ থেকে নিবন্ধিত চারটি দলের মধ্যে রুয়েটের ‘বেঙ্গলসাব’ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি দল ইতোমধ্যে সেমিফাইনালে স্থান নিশ্চিত করেছে। অন্য দুই দলের চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।
দলটির সদস্যদের ভাষ্য, গত বছরের অভিজ্ঞতা, দীর্ঘমেয়াদি গবেষণা এবং নিবিড় প্রস্তুতি তাদের এই অবস্থানে পৌঁছে দিয়েছে। তারা আশা করছেন, পরবর্তী ধাপগুলোতেও ভালো ফল করে বাংলাদেশের প্রযুক্তি ও উদ্ভাবনের সক্ষমতাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও দৃশ্যমান করতে পারবেন।
দলের সদস্যদের মধ্যে রয়েছেন সুদীপ্ত মণ্ডল, খন্দকার রাদওয়ানুর রহমান, সিরাজুম মুনির, আসাদুল্লাহ আল গালিব এবং রাহুল দেবনাথ। প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট ২৪ জুন জমা দেওয়ার পর ২৫ জুন তা গ্রহণ করা হয়। আগামী ১১ জুলাই যুক্তরাষ্ট্রের California-এ অনুষ্ঠিতব্য সেমিফাইনালে অংশগ্রহণ করবে দলটি।
দলীয় সদস্যদের মতে, এই অর্জন বাংলাদেশের স্বয়ংক্রিয় আন্ডারওয়াটার রোবট গবেষণার অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ ধাপ এবং একই সঙ্গে রুয়েট শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত দক্ষতার প্রতিফলন।
